Sponsored

পুতিনের সঙ্গে খুব দ্রুত বৈঠক চান ট্রাম্প : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান এবং সেটি যত দ্রুত সম্ভব আয়োজনের জন্য তৎপর রয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার (১৮ মে) এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প চান, এই বৈঠকটি যত দ্রুত সম্ভব হোক। যুদ্ধের জট খুলতে হলে, সম্ভবত এটি একমাত্র উপায়—ট্রাম্প ও পুতিনের সরাসরি আলোচনা প্রয়োজন।”

ওয়াশিংটন থেকে পুতিনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে বৈঠকের তারিখ ও স্থান এখনও নির্ধারিত হয়নি। রুবিও জানান, “এই ধরনের বৈঠক আয়োজনের জন্য কিছু সময় ও প্রস্তুতি প্রয়োজন।”



এই উদ্যোগের পেছনে গত শুক্রবার ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা এবং ভ্যাটিকানের পক্ষ থেকে দেওয়া মধ্যস্থতার প্রস্তাব রয়েছে। রুবিও জানান, মস্কো শর্তসাপেক্ষে এই প্রস্তাব বিবেচনায় রাখতে আগ্রহ দেখিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ টেনে রুবিও বলেন, “ইস্তাম্বুলের বৈঠক সময়ের অপচয় ছিল না।” তিনি জানান, এই আলোচনায় দুটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে—উভয় পক্ষের মধ্যে ১০০০ বন্দি বিনিময়ের চুক্তি এবং রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাবনা প্রস্তুত।


সাম্প্রতিক তথ্যের জন্য এখানে ক্লিক করুন!

এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন!

তবে তিনি সতর্কও করেছেন—“যদি কেবল আলোচনা চলতেই থাকে, কিন্তু বাস্তবসম্মত কোনও প্রস্তাব না আসে, তাহলে যুক্তরাষ্ট্র অন্য কোনও চিন্তা করতে পারে।”

সাক্ষাৎকারে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও রুবিও স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, “ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।” তিনি জানান, ইউরেনিয়াম সমৃদ্ধ করার যেকোনও সক্ষমতা দ্রুতই অস্ত্র তৈরির উপকরণে রূপ নিতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প চান সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান হোক। তার ভাষায়, “প্রেসিডেন্ট চান, ইরান একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ দেশ হয়ে উঠুক—যেখানে মানুষের ভবিষ্যৎ ভালো হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ