বিএনপি'র ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া'র পদত্যাগ দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলকভাবে তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে।
বুধবার (২১ মে) রাজধানীর কাকরাইলের হেয়ার রোডে সমর্থক-আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ দাবি জানান। এর আগে গত সাত দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেন'র শপথ গ্রহণের দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি চালাচ্ছিলেন তার সমর্থকরা।
ইশরাক হোসেন বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সার্বভৌম প্রতিষ্ঠান, এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে মানতে হবে। তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরে এখনো এমন অনেকে আছেন, যারা বিএনপি'কে নির্বাচনে বাধা দিতে ষড়যন্ত্রে লিপ্ত।
বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগ তুলে ইশরাক বলেন, সরকারের ভেতর থেকেই নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এই অবস্থায় সুষ্ঠু জাতীয় নির্বাচন কীভাবে সম্ভব? তিনি বলেন, আমরা আরেকটি স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি না। আমরা যেমন হাসিনাকে বিদায় দিয়েছি, তেমনি সব স্বৈরাচারী সরকারকেও বিদায় করতে পারবো।
সাম্প্রতিক তথ্যের জন্য এখানে ক্লিক করুন!
এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন!
মেয়র হওয়া প্রসঙ্গে তিনি বলেন, মেয়র পদ নিয়ে আমি চিন্তা করি না, আমি চাই সবাই জানুক এই সরকার নিরপেক্ষ নয়। মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া'র উচিত অবিলম্বে পদত্যাগ করা। তারা যদি রাজনৈতিক দলের হয়ে কাজ করতে চান, তাহলে সেটা সরকারের বাইরে থেকেই করতে হবে।
সমাবেশের শেষদিকে তিনি বলেন, আমরা আর পেছনে ফিরে যাব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।

0 মন্তব্যসমূহ